নিজ দলের কাছে আল নাসরের হার দেখলেন রোনালদো

স্প্যানিশ ক্লাব ইউডি আলমেরিয়ার সহ-মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার সৌদি আরবের ক্লাব আল নাসরের অধিনায়কও তিনি। এই দুই ক্লাবের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে গ্যালারিতে বসে নিজ চোখেই নিজের দলের হার দেখলেন পর্তুগিজ মহাতারকা। মঙ্গলবার লিসবনের পর্তুগাল ক্যাম্পে প্রাক-মৌসুমের শেষ প্রীতি ম্যাচে আল নাসরকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়া।

২০২৬ বিশ্বকাপের পর এই প্রথম আল নাসরের সাথে দেখা গেল রোনালদোকে, তবে তিনি মাঠে নামেননি। ভিআইপি গ্যালারিতে বসেই খেলা দেখেন। এর আহে মাঠে পৌছালো আল নাসরের নতুন কোচ আনজে পোস্তকোগলুর সাথে প্রথমবার দেখা হয় তার।

দুই দলের শক্ত লড়াই সত্ত্বেও প্রথম ৪৫ মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর দ্রুত আক্রমণের ধার বাড়ায় আলমেরিয়া। ম্যাচের ৫১ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে আল নাসরের ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তোকে পরাস্ত করে প্রথম গোলটি আদায় করে নেয় তারা। প্রথম গোলের ঠিক ১০ মিনিট পর (৬১ মিনিটে) পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করে জয় সুনিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি।

পর্তুগালে চার প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে প্রাক-মৌসুম সফর শেষ করল আল নাসর।

আগামী ১৫ আগস্ট 'রোশন সৌদি লিগ'-এর নতুন মৌসুমে আল-ফাতেহের মুখোমুখি হয়ে নিজেদের অভিযান শুরু করবে আল নাসর। তার আগেই রোনালদোর পূর্ণাঙ্গ অনুশীলনে ফেরার কথা রয়েছে।