লিভারপুলের সঙ্গে বর্ণাঢ্য এক অধ্যায়ের ইতি টেনে ক্যারিয়ারের নতুন গন্তব্য হিসেবে তুরস্ককে বেছে নেওয়ার পথে রয়েছেন মোহামেদ সালাহ। তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরের সঙ্গে তার চুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে।
গত মৌসুমে অ্যানফিল্ড ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট হিসেবে সালাহর পরবর্তী ঠিকানা নিয়ে ফুটবল বিশ্বে ছিল ব্যাপক জল্পনা। এমএলএস এবং সৌদি আরবের ক্লাবগুলোর পাশাপাশি ট্রাবজোনস্পোরের তুর্কি প্রতিদ্বন্দ্বী বেসিকতাসের পক্ষ থেকেও তাকে ভেড়ানোর বড় অফার দেওয়া হয়েছিল। আর্থিক মতবিরোধের কারণে শেষ মুহূর্তে তা অনিশ্চয়তায় পড়ে। এই সুযোগে সালাহকে হাইজ্যাক করতে মাঠে নামে ‘ব্ল্যাক সি স্টর্ম’ খ্যাত ট্রাবজোনস্পোর। এবং সেটি এখন অনেকটাই নিশ্চিতের পথে।
বিভিন্ন সংবাদমাধ্যমসহ ইতালির ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, ট্রাবজোনস্পোরের সঙ্গে সালাহর চুক্তিটা হতে যাচ্ছে দুই বছরের।
মঙ্গলবার ক্লাবটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সালাহর বুধবার (আজ) ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনের সন্ধ্যায় তার ট্রাবজোনে এসে পৌঁছানোর পরিকল্পনা আছে।’ ক্লাবটি আরও যোগ করে, ‘ট্রাবজোনে সালাহর সংবর্ধনা কর্মসূচির সময় এবং অন্যান্য বিবরণ ক্লাবের অফিসিয়াল যোগাযোগ চ্যানেলের মাধ্যমে জনগণের সঙ্গে শেয়ার করা হবে।’
দীর্ঘ নয় বছরের অ্যানফিল্ড অধ্যায়ে লিভারপুলের জার্সিতে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল এবং ১২০টি অ্যাসিস্টের অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ; রেডদের হয়ে সম্ভাব্য প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি। তবে গেল মৌসুমে কোচ আর্নে স্লটের সঙ্গে বনিবনা না হওয়া এবং বিস্ফোরক সাক্ষাৎকারের জেরে লিভারপুলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি ফুটবলের অন্যতম বড় ও চমকপ্রদ ট্রান্সফার হিসেবে বিবেচিত হচ্ছে এটি। আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করার মাধ্যমে ঘরোয়া লিগ এবং ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণের পথে অনেকদূর এগিয়ে যাবে ট্রাবজোনস্পোর। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ট্রাবজোনস্পোর। লিভারপুলের সোনালী অধ্যায় পেছনে ফেলে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ফরোয়ার্ড এখন তুর্কি সুপার লিগে এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায় শুরু করতে পুরোপুরি প্রস্তুত।