মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ব্রিজে ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সুজন মোল্লা (৩৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মোল্লা মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি কলাগাছি গ্রামের বাসিন্দা। তিনি হাসান মোল্লার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনকালে সুজন মোল্লা একটি ট্রাক চালিয়ে ঘটকচর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাকটির একটি চাকা বিস্ফোরিত (বাস্ট) হয়ে যায়। এতে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটকচর ব্রিজ এলাকায় একটি ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ট্রাকচালক সুজন মোল্লা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।