জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রে অসঙ্গতির অভিযোগ তুলে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় দর্শক সারিতে থাকা কয়েকজন ব্যক্তি প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সামনেই প্রতিবাদ জানান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা মঞ্চের সামনে অবস্থান নেন।
পরিস্থিতি শান্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঞ্চে এসে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা বক্তব্য দিতে চান, তাঁরা যেন শান্তিপূর্ণভাবে মঞ্চে এসে মতামত তুলে ধরেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে মঞ্চে আমন্ত্রণ জানান।
আখতার হোসেন বলেন, তথ্যচিত্রে যে অসঙ্গতির অভিযোগ উঠেছে, তা তাঁদের নজরে এসেছে এবং বিষয়টি সরকারকে জানানো হবে। তিনি বলেন, ‘আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ পরিবারের প্রতি সম্মান রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ তথ্যচিত্রে অনুপস্থিত। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাওয়া হবে।’
পরে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খানও তথ্যচিত্রের অসঙ্গতির অভিযোগ পর্যালোচনার আশ্বাস দেন। তিনি বলেন, ‘৩ আগস্টের ঘটনাসহ যেসব অসঙ্গতির অভিযোগ উঠেছে, সেগুলো আমরা খতিয়ে দেখব।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘তথ্যচিত্রটি দেখে অনেকের কষ্ট হয়েছে। জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান আমাদের সবার। তাই যেসব অসঙ্গতি রয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’