চারা রোপনের সময় হঠাৎ বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধানের চারা রোপনের সময় বজ্রপাতে মো. সিয়াম হোসেন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. সিয়াম হোসেন (১৮) ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে ও সিরাজগঞ্জ পুলিশ লাইন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দিয়েছেন।

মৃতের পরিবার ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বুধবার সকাল ৯টার সময় গ্রামের জ‌মি‌তে ধানের চারা রোপন করতে যায় সিয়াম। তখন বৃষ্টির পাশাপাশি হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা মরদেহ উদ্ধার করে।

বজ্রপাতে মৃত্যু

এক দশকের বেশি সময় আগেও বজ্রপাতকে বাংলাদেশে ভয়াবহ প্রাণঘাতী দুর্যোগ হিসেবে দেখা হতো না। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ চলতি বছরে ২৬ এপ্রিল সারা দেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়। এরপর আবারও প্রশ্ন উঠতে ‍শুরু করেছে বজ্রপাত কতটা প্রাণঘাতী? আর গত পাঁচ বছরে দেশে বজ্রপাতে কত মানুষের মৃত্যু হয়েছে?

দেশে ৫ বছরে বজ্রপাতে মৃত্যু

২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক দশকে দেশে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্যানুযায়ী বছরভিত্তিক হিসেবে ২০১৫ সালে ২২৬ জন, ২০১৬ সালে ৩৯১, ২০১৭ সালে ৩৮৮, ২০১৮ সালে ৩৫৯, ২০১৯ সালে ৪০১, ২০২০ সালে ৪২৭, ২০২১ সালে ৩৬৩, ২০২২ সালে ৩৩৭ এবং ২০২৩ সালে ৩২২ এবং ২০২৪ সালে ২৯৭ জন মারা গেছে।