তুরস্কের জায়ান্ট বেসিকতাসের কাছাকাছি পৌঁছেছিলেন মোহামেদ সালাহ। তবে আর্থিক কাঠামো ও ইমেজ-রাইটস নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় সেই আলোচনা ব্যর্থ হয়। সেটা জানতে পেরে আরেক তুর্কী ক্লাব ট্র্যাবজনস্পোরে মাঠে নেমে সালাহকে নিতে। শেষপর্যন্ত তারাই মিশরীয় উইঙ্গারকে দলভুক্ত করতে পেরেছে। বুধবার মিশরের হয়ে সাম্প্রতিক বিশ্বকাপে খেলা সালাহ চুক্তি করতে তুরস্কে পৌছেছেন।
ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় শত শত সমর্থক সালাহকে এক নজর দেখতে ও অভ্যর্থনা জানাতে ভিড় জমায়। ট্র্যাবজনস্পোরের ঐতিহ্যবাহী মেরুন ও নীল রঙের জার্সি পরে বিমান থেকে নামেন সালাহ। ভক্তদের উদ্দেশ্য হাত নাড়ানোর পাশাপাশি সমর্থকদের প্রথাগত স্লোগানেও মাতেন তিনি।
এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবের জার্সিতে সালাহ সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "ট্র্যাবজনস্পোর সমর্থকেরা, তোমরা কি তৈরি? আমি তোমাদের শুনতে পাচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে।" এরপর তুর্কি ভাষায় ক্লাবটির বহুল পরিচিত স্লোগান উচ্চারণ করে তিনি যোগ করেন, "বিজ হের ইয়ের ট্র্যাবজন" (আমাদের কাছে সব জায়গাই ট্র্যাবজন)।
ক্লাবের চেয়ারম্যান আরতুগ্রুল দোয়ান নিশ্চিত করেছেন যে, শারীরিক পরীক্ষা সম্পন্ন করার পর কৃষ্ণসাগর তীরবর্তী শহর ট্র্যাবজনে অনুষ্ঠিতব্য এক বর্ণাঢ্য আয়োজনে সালাহকে আনুষ্ঠানিকভাবে সই করানো হবে।
৯ বছর লিভারপুলে খেলে ৪৪২ ম্যাচে ২৪৭ গোল করেছেন মোহামেদ সালাহ। দুই বার দলটিকে লিগ শিরোপা জয়ে অবদান রেখেছেন। একবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ২০২৪-২৫ মৌসুমে ২৯টি গোল ও ১৮টি অ্যাসিস্টের মাধ্যমে প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৭টি গোল অবদানের রেকর্ড গড়েছিলেন। একই মৌসুমে প্লেয়ার অব দ্য সিজন, গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড—তিনটিই যৌথভাবে জিতেছিলেন।
তুরস্কের ফুটবলে ফেনারবাচে, গ্যালাতাসারে ও বেসিকতাসের পর চতুর্থ বৃহত্তম শক্তি হিসেবে পরিচিত ট্র্যাবজনস্পোর। গত মৌসুমে তুর্কি সুপার লিগে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করায় তারা এবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফ রাউন্ডে লড়াই করবে। সালাহর আগমনকে কেন্দ্র করে তারা আবার শিরোপার মঞ্চে ফেরার স্বপ্ন দেখছে।