গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে । উপজেলার সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করেছে।
উপজেলার যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুষ্কৃতকারীরা তার বাড়ির উত্তর পাশে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন ঘরের জানালা খোলা থাকায় বিস্ফোরিত বোমার কিছু অংশ ঘরের ভিতরে ছিটকে পড়ে। এতে তার হাতে ছ্যাকা লাগে। তাছাড়া নিক্ষিপ্ত বোমা বিস্ফোরিত হয়ে ঘরের বারান্দায় থাকা ত্রিপলে আগুন ধরে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা জানান, এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে । এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী এ বাড়িতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে । এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এ জাতীয় ঘটনা যেন আর না ঘটে সেই জন্য উপজেলাব্যাপী পুলিশের টহল বাড়ানো হচ্ছে।