ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ঘাসের ঝুড়িতে অভিনব কায়দায় লুকিয়ে আনা ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে ঝুড়ি ফেলে পালিয়ে গেছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াবাদী এলাকায় অবস্থান নেয়।
এ সময় টহলদল ভারতের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা এক ব্যক্তিকে মাথায় ঘাসভর্তি ঝুড়ি নিয়ে আসতে দেখে। বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি ঝুড়িটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঝুড়িটি তল্লাশি করে ঘাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো দুটি প্যাকেট উদ্ধার করেন। প্যাকেট দুটি খুলে ২০ হাজার ১৬০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবি অধিনায়ক আরও জানান, একই দিনে বিজয়নগরের মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল পৃথক অভিযানে ভারতীয় উন্নতমানের ১৩১ পিস শাড়ি উদ্ধার করেছে। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা।