শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাটারদের তাণ্ডবে বোলারদের জন্য যেন ছড়ালো আতঙ্কের আবহ! চার ও ছক্কার বৃষ্টিতে দুই দল মিলে তুললো অবিশ্বাস্য ৪৭০ রান। তবে রান উৎসবের এই মহাকাব্যিক ম্যাচে গল গ্যালান্টসকে ১৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের দল জাফনা কিংস।
বুধবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটে নেমে ইতিহাস গড়ে জাফনা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ২৪২ রান—যা এলপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ২২৮ রানে থামে গলের লড়াই।
জাফনার পর্বতসম পুঁজির মূল কারিগর ওপেনার কামিল মিশারা ও বাংলাদেশের তরুণ তারকা তাওহিদ হৃদয়:
কামিল মিশারা ৫৫ বলে ১০টি চার, ৭টি ছক্কায় হার না মানা ১০৪ রান করেন। হৃদয় চার নম্বরে নেমে পুরো গ্যালারি মাতিয়ে মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন! তাঁর এই টর্নেডো ইনিংসে ছিল ৩টি চার এবং ৫টি বিশাল ছক্কার প্রদর্শনী। দুজনে শেষ দুই ওভারে ৩৮ রান তোলেন, শেষ ওভারে তোলেন ২২ রান। মাঝে খাজা নাফেই তিন নম্বরে নেমে ৩২ বলে খেলেন ৫৪ রানের ঝড়ো ইনিংস।
২৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই তাণ্ডব চালায় গল গ্যালান্টস। স্যাম হার্পারের ২১ বলে ৪৪ এবং চামিকা করুণারত্নের ২১ বলে ৩৯ রানের সুবাদে তারা লড়াইয়ে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করে।
বোলিংয়ে কিছুটা চড়া মূল্য দিতে হয়েছে সাকিনকে। নিজের তিন ওভারের স্পেলে ৩৬ রান দিয়ে সাকিব তুলে নেন বিপজ্জনক চামিকা করুণারত্নের উইকেটটি। তিন ওভারেই ছক্কা ও চারের বাউন্ডারি হজম করলেও কাজের কাজটি ঠিকই করে যান অভিজ্ঞ এই অলরাউন্ডার।
শেষ পর্যন্ত গল গ্যালান্টস ২০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান তুলতে সমর্থ হয়। জাফনার হয়ে দারুণ বোলিং করে ৩ উইকেট নেন মোহাম্মদ শিরাজ এবং ২ উইকেট পান লিজাড উইলিয়ামস।