ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসাবধানতাবশত ফুটন্ত গরম ডালে পড়ে ঝলসে যাওয়া শিশু বিজয় ৯দিন পর মারা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টা ২০ মিনিটে সে মারা যায়।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৭টায় উপজেলার কাকনহাটি গ্রামের শিশুর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছায়। স্বজনদের শেষ দেখার পর ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পরিবার।
মৃত বিজয় চন্দ্র দাস (৩) ওই গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, ২৭ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে অসাবধানতাবশত ফুটন্ত গরম ডালে পড়ে গুরুতর দগ্ধ হয় বিজয়। মুহূর্তেই তার শরীর ঝলসে যায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢামেকের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার (৪আগস্ট) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রতীয়মান হয়েছে। নিহতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করেননি। তারা এ ঘটনায় কোনো মামলাও করবেন না বলে পুলিশকে জানিয়েছেন।