আগামীকাল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন দোয়া, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি অনুযায়ী, নৌবাহিনীর সব সদস্য ও তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হবে। একই সঙ্গে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ প্রায় ২২ মসজিদে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় কোরআনখানি এবং খাবার বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে।

মরহুমের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর দরগাহ মসজিদে এবং তার পারিবারিক বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বগুড়া ও জামালপুরেও অনুরূপ কর্মসূচি পালিত হচ্ছে।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শ্রদ্ধাভরে তাকে স্মরণ করা হবে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন, নিউইয়র্ক, ফ্লোরিডা), মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে বিশেষ দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এছাড়া সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তোয়াফ দোয়া ও মদিনা শরীফে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

১৯৮৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্রাশ করলে সেই উদ্ধারকাজ তদারকির দায়িত্বপালন শেষে ৬ আগস্ট হৃদযন্ত্রে আক্রান্ত হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৪৯ বছর বয়সে এ দেশপ্রেমিক মহান নায়কের জীবনাবসান হয়। তাকে ঢাকার বনানী অঞ্চলে দাফন করা হয়।