লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভায় শিবির ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও প্রশাসন সূত্র জানায়, বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন সভায় বক্তব্য দেন। বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন সমালোচনা করলে ছাত্রদল সমর্থিত জুলাই যোদ্ধা রাহাত হোসেনের নেতৃত্বে কয়েকজন এর প্রতিবাদ জানান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়।
পরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মরণ করে আলোচনা করছিলাম। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন এবং হট্টগোল শুরু করেন। এটি কোনোভাবেই কাম্য নয়।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, শিবির নেতা সারোয়ার হোসেন সরকারের সমালোচনাসহ নানা কটূক্তি করে বক্তব্য দিচ্ছিলেন। এতে জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানান। কোনো ধরনের কটূক্তি মেনে নেওয়া হবে না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সুন্দরভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা শেষ হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি।