সেই মোজাফফরের বিষয়ে 'মেটা'র কাছে তথ্য চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন

মেজর (অব.) মোজাফফর হোসেনের বিষয়ে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান 'মেটা'র কাছে তথ্য চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। মোজাফফর ফেসবুকের মেসেঞ্জারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন—এমন তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে মেটার কাছে গত সপ্তাহে তথ্য চাওয়া হয়েছে। 

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা বুধবার (৫ আগস্ট) দেশ রূপান্তর কে এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের (শেখ হাসিনা ও জয়) সঙ্গে মোজাফফর হোসেনের যোগাযোগের কিছু তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, 'মোজাফফর হোসেনের বিষয়ে মেটার কাছে তথ্য চেয়ে গত বৃহস্পতিবার একটি ই–মেইল করা হয়েছে। তবে তারা (মেটা) এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি। আশা করি, শিগগিরই মেটা আমাদের ই- মেইলের জবাব দেবে।' 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফরকে গত ১৫ জুলাই গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ সরকারের শাসনামলে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৩ জুলাই মোজাফফর কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়। এদিন তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতিসহ তাকে সেনা হেফাজতে রাখার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এছাড়া মোজাফফরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে প্রসিকিউশনকে দুই মাস সময় দেয় ট্রাইব্যুনাল।