মাগুরা

সাকিব আল হাসানের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা

বিশ্বখ্যাত অলরাউন্ডার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাসভবনে বুধবার (৫ আগস্ট) রাতে হামলা চালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হঠাৎ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় কয়েকজন যুবককে বোতলে করে পেট্রোল এনে বাড়ির গেটে ছিটিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করতে দেখা যায়। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলে তারা বাড়ির দ্বিতীয় তলার জানালা এবং সিঁড়িঘরের কাচে কয়েকটি ঢিল ছোড়ে।

সরেজমিনে দেখা যায়, সাকিব আল হাসানের বাড়ির বাইরের গেটে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টার কিছু চিহ্ন রয়েছে। এছাড়া সিঁড়িঘরের কাচের জানালা এবং দ্বিতীয় তলার জানালার কাচ ভাঙা অবস্থায় দেখা যায়।

এ সময় বাড়ির সামনে পুলিশের টহল জোরদার করা হয়। দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও লিটন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তারা জানান, গোটা এলাকা বর্তমানে শান্ত রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।