পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাইয়ের গণআন্দোলনে মানুষের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাইয়ের গণআন্দোলনে মানুষের আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। এছাড়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনে দেশের মানুষ যে সাহস, আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতি অটল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য মানুষের ত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

বুধবার (৫ আগষ্ট) বিকেলে ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের শহীদ ও আত্মত্যাগীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে এলাকার উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নগরকান্দা-সালথার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নগরকান্দা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশটির আয়োজন করা হয়।