গাজীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে এসে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা অটোরিকশা ফেলে  পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত ৯ টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে  স্থানে এ ঘটনা ঘটে।

অটোরিকশাচালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি সপরিবারে উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাত ৯ টার দিকে দুই তিন জন ছিনতাইকারী যাত্রী ভেসে একটি অটো রিকশা ভাড়া করে। পরে অটো রিকশটি নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার দিকে যাচ্ছিল।

যাওয়ার পথে অটো রিকশাটি কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা অটো রিকশাচালককে ছুরিকাঘাত করে অটো রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা রিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে তারা রক্তাক্ত অবস্থায় ওই অটো চালক উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা রক্তাক্ত অবস্থায় অটোরিকশাচালককে দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।