অস্ট্রেলিয়া সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দলের বাকি ব্যাটাররা যখন ব্যাট হাতে ব্যর্থ সেখানে সেঞ্চুরি তুলে বাংলাদেশ দলের সংগ্রহে শক্ত ভীত এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। সাতে নেমে ১৪১ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার ব্যাটার। সবকটি উইকেট হারিয়ে দলের সংগ্রহ ২৬৩ রান।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টেস্টের পর ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটি মিরাজের প্রথম সেঞ্চুরি। প্রথম দিনের খেলায় মিরাজ বাদে ২০ রানের গণ্ডি পার করেছেন কেবল শান্ত (৩৭) ও সাদমান (৩১)।
স্বাগতিকদের হয়ে স্পিনার কোরি রকিচিওলি একাই তুলেছেন ৬ উইকেট। দলীয় সংগ্রহ ১১০ রানে পৌঁছাতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ৬ ব্যাটার। সেখানে নেমে থিতু হওয়া মিরাজের ব্যাটে চড়েই আড়াই'শ পার করে সফরকারীরা। ১২৮ বল খেলে সেঞ্চুরি তোলার এই ইনিংসে ১১ চার ছাড়াও এই ডানহাতি ব্যাটার মেরেছেন ৪টি ছক্কা।