দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ।
তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের শক্তির ওপর বিশ্বাস রেখেই একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুরে জুলাই গণ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস উল্লেক করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আইন ও ন্যায়বিচারের প্রতি সম্মান রেখে জনগণের মতামত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হবে।
তিনি বলেন, ‘অতীতে জনগণ বারবার প্রমাণ করেছে যে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে। জনগণের রায় ও সিদ্ধান্তই একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তাই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জনগণের অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রতিহিংসা কিংবা আবেগের বশবর্তী হয়ে বিচার নিজের হাতে তুলে নেওয়া কোনো সভ্য সমাজের জন্য কাম্য নয় জানিয়ে মন্ত্রী বলেন, আইনের শাসন ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকলেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিুকল আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আশিকুরের বাবা ফরিদুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু ও জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, সহ-সভাপতি প্রফেসর দবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম বাবু, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম ও নূরে আলম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বাদশা, আবুল কালাম ও আব্দুর রাজ্জাক, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ও অঙ্গ সংগঠনের উপজেলা ও পৌর নেতাকর্মীরা।