চাঁদপুরের হাজীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার নামে এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) শিশুটির পরিবার চাঁদপুরের হাজীগঞ্জ থানায় মামলা করে।
অভিযুক্ত সেলিম মজুমদার (৫৫) একই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বাবার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে অভিযুক্ত সেলিম মজুমদারকে শিশুটি ‘দাদা’ বলে সম্বোধন করত। অভিযোগ রয়েছে, অভিযুক্ত প্রায়ই শিশুটিকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দিতেন। ৫ আগস্ট দুপুর ১টার দিকে শিশুটিকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখে তার মা কারণ জানতে চাইলে শিশুটি ধর্ষণের অভিযোগ করে। পরে শিশুটিকে বাসায় নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে যৌন নির্যাতনের আলামত দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত সেলিম মজুমদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিকিৎসা প্রতিবেদন, আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।