পটিয়ায় ১ লাখ ইয়াবাসহ বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক

চট্টগ্রামের পটিয়ায় ১ লাখ পিস ইয়াবাসহ বাইকার গ্যাংয়ের ছয় মাদক কারবারি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় মাদক কারবারের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে র‌্যাব-৭ এর মিডিয়া সেন্টারে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান।

আটকরা হলেন মো. বশির (৩৮), বেলাল উদ্দীন (৩২),নুরুল মোস্তফা (৩৮), মো. সাইফুল (২৪),মো.হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। আটক আসামি জব্দ করা মোটরসাইকেল পটিয়া থানায় হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে মো. তাওহিদুল ইসলাম বলেন, চট্টগ্রামে একটি বাইকার গ্যাং মাদক কারবারী হিসেবে সক্রিয় হয়ে উঠছে। বুধবার রাতে গোপন খবরে পেয়ে আমরা জানতে পারি কক্সবাজার হতে চট্টগ্রামে একটি ইয়াবার বড় চালান নিয়ে আসবে। এতথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অবস্থান নেন। একপর্যায়ে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের সামনে চেক পোস্ট স্থাপন করে প্রথমে বাইকার গ্যাংয়ের একজন সদস্যকে আটক করা হয়। এই সদস্যের মাধ্যমে জানা যায় গ্যাংয়ের বাকি সদস্যরা পেছনে রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্যাংয়ের বাকি পাঁচ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তির ভিত্তিতে একটি বাইক থেকে সুকৌশলে লুকানো প্রায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দীর্ঘদিন তারা কক্সবাজারের রামু এলাকা থেকে ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসতো।