ঢাকায় মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার, আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার তিন দিনের সফরে ঢাকা এসে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সফরে দুই দেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
 
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেন অ্যাডমিরাল কেলার। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশ নৌবাহিনীর নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে অ্যাডমিরাল কোহলার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি রাজধানীর ঐতিহাসিক স্থাপনা লালবাগ কেল্লা পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে বলা হয়, অ্যাডমিরাল কোহলারের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।