কক্সবাজার সমুদ্রসৈকতে চলছে আর্ট ক্যাম্প

কক্সবাজারের ‘ইনানী’ সমুদ্রসৈকতে চলছে তিন দিনব্যাপী এক বিশেষ আর্ট ক্যাম্প। ‘মনোশান্তি রিসোর্টের’ উদ্যোগে বুধবার (৫ আগস্ট) থেকে শুরু হওয়া এই আর্ট ক্যাম্প চলবে শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়োজনে দেশের স্বনামধন্য ও তরুণ ৯ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন। তাঁরা হলেন— মোহাম্মদ ইকবাল, দুলাল চন্দ্র গাইন, আব্দুস সাত্তার তৌফিক, কামাল উদ্দিন, সুমন ওয়াহিদ, আব্দুল্লাহ আল বশির, নূর মুনজেরিন রিমঝিম, সাবরিনা জেবিন সেজুতি ও সিরাজুম মুনিরা।

আয়োজকরা জানান, প্রকৃতির নৈসর্গিক পরিবেশে শিল্পীদের মুক্ত সৃজনশীল চর্চা, পারস্পরিক মতবিনিময় এবং সমকালীন শিল্পভাবনার আদান-প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা করছেন, এই আয়োজন দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি ‘ইনানী’ হয়ে উঠবে শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল।