বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা আমাদের প্রতিবেশী দেশ ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। গত সতের বছর তিনি অবৈধভাবে দেশ শাসন করে এই দেশটাকে ধ্বংস করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠলে তিনি পালিয়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন। সেখানে বসেই নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে।
দুলু বলেন, হাসিনার কোন চক্রান্ত সফল হবে না। এদেশের মানুষ ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে একই ভাবে তার সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশের মাটিতে আর কোনদিন শেখ হাসিনার স্থান হবে না।
ভারত বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে দুলু বলেন, ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, বন্ধুত্ব হবে দেশের সাথে দেশের, কোন ব্যক্তির সাথে নয়। বিনা ভোটের অবৈধ হাসিনা সরকারের পলাতক লোকজনকে আপনারা আশ্রয় প্রশয় দিবেন না। এদেশের মানুষ চায় ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন। খুনি হাসিনা গণহত্যার দায়ে দণ্ডিত পলাতক আসামি। বাংলাদেশ তার উপযুক্ত শাস্তি ও বিচারের ব্যবস্থা করবে।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মাষ্টার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।