মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যে লাইভ সম্প্রচারের সময় জনপ্রিয় এক সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বুধবার (৫ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ ঘটনা মেক্সিকোতে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে চলমান সহিংসতার আরেকটি নজির হিসেবে দেখা হচ্ছে। সূত্র এপি নিউজ।
নিহত ইনফ্লুয়েন্সারের নাম সিজার গাস্তেলুম। মঙ্গলবার রাতে সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকানে তাকে গুলি করে হত্যা করা হয়।
মেক্সিকান কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডটি মাদক কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে যুক্ত হতে পারে। তবে এ ঘটনার জন্য এখনো কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা হয়নি।
এপি নিউজ যে ভিডিওটি পর্যালোচনা করেছে, তাতে দেখা যায়, কুলিয়াকানের একটি কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি) রেস্তোরাঁর পার্কিং এলাকায় দুই ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন আগ্নেয়াস্ত্র বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে মাত্র কয়েক ব্লক দূরে এবং ব্যস্ত সময়ে এই হামলার ঘটনা ঘটে।
মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা ও স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাস্তেলুম সম্প্রতি এমন কিছু ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তিনি একটি অপরাধী গোষ্ঠীর একটি অংশের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কেন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা আমাদের জানতে হবে।'
টিকটকে গাস্তেলুমের অনুসারী ছিলেন সাড়ে ছয় লাখেরও বেশি। ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিপুল অনুসারী ছিল। তিনি নিয়মিত কৌতুকধর্মী ভিডিও এবং মেক্সিকান আঞ্চলিক সংগীতের সঙ্গে মিলিয়ে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করতেন।
নিজের কিছু ভিডিওতে তিনি নিজেকে 'বেলিকো' বলে পরিচয় দিতেন। মেক্সিকোর কিছু উপসংস্কৃতিতে এই শব্দটি মাদক কার্টেল সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়।
বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে অসংখ্য অনুসারী শোকবার্তা ও 'রেস্ট ইন পিস' বার্তা পোস্ট করেন।
সাম্প্রতিক বছরগুলোতে সিনালোয়া অঙ্গরাজ্যে সিনালোয়া কার্টেলের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী লস চাপিতোস ও লস মায়োস এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় নিহতদের মরদেহের পাশে নিজেদের পরিচয় বহনকারী বিভিন্ন প্রতীক রেখে যাওয়ার ঘটনাও ঘটেছে। লস চাপিতোস প্রায়ই মরদেহের পাশে পিৎজা বা পিৎজার বাক্স রেখে যেত, আর লস মায়োস রেখে যেত সোমব্রেরো (মেক্সিকান টুপি)। ফলে কুলিয়াকানে ওই ধরনের টুপি পরাও একসময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, কারণ তা কোনো গোষ্ঠীর প্রতি আনুগত্যের ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে।
উল্লেখযোগ্যভাবে, হামলার সময় গাস্তেলুমের মাথায় একটি সাদা সোমব্রেরো ছিল। বুধবার যেখানে তাকে হত্যা করা হয়, সেখানে স্থানীয়রা মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান।
এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে লাইভ সম্প্রচারের সময় কোনো কনটেন্ট নির্মাতাকে গুলি করে হত্যার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৫ সালের মে মাসে মধ্য মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি বিউটি সেলুনে টিকটক লাইভ করার সময় ২৩ বছর বয়সী বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে গুলি করে হত্যা করা হয়।