গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরমধ্যে দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার পর পদায়ন করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। ওবায়দুর রহমান এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম অবসরে গেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।
অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতির পর একই বিভাগে পদায়ন করা হয়েছে।