সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) পিএলসির প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশারসহ কেন্দ্রীয় ব্যাংকের আরও চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রশাসক আবুল বাশারের পাশাপাশি তার সঙ্গে দায়িত্ব পালন করা চার কর্মকর্তাকেও বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রত্যাহার করা হয়।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এক্সিম ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের পুনর্গঠন কার্যক্রম এগিয়ে যাওয়ায় পর্যায়ক্রমে প্রশাসকদের দায়িত্ব প্রত্যাহার করা হচ্ছে। তবে ব্যাংকগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক তদারকি আগের মতোই অব্যাহত থাকবে।