২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে না। প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।