মনোহরদীর ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নরসিংদীর মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মুহাইমিন আল জিহানের বিরুদ্ধে তথ্য অধিকার আইন লঙ্ঘন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ কমিশন আদায়ের অভিযোগ তুলে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন উপজেলার বাসিন্দা এনামুল হক আল-আমিন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দাখিল করা ওই আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২৫ জানুয়ারি মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিগত দুই বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, এডিপি, ১ শতাংশ ভূমি হস্তান্তর কর, ইজারা ও অন্যান্য খাতের আয়-ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন করলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য সরবরাহ করা হয়নি।

‎আবেদনে আরও বলা হয়, পরে ১ মার্চ জেলা প্রশাসক, নরসিংদীর কাছে প্রথম আপিল, ১৯ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ এবং ২৩ জুলাই মনোহরদী পৌরসভার রাজস্ব আয়, বরাদ্দ ও ব্যয়ের হিসাব চেয়ে পৃথক আবেদন করা হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ গত ২ আগস্ট জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

‎এনামুল হক আল-আমিন আবেদনে নিজেকে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে আহত ব্যক্তি হিসেবে উল্লেখ করে দাবি করেন, মনোহরদী পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকাকালে ইউএনও মুহাইমিন আল জিহান তার কাছ থেকে মোট ৫ লাখ ৪৬ হাজার টাকা অবৈধ কমিশন হিসেবে আদায় করেছেন। তিনি অভিযোগ করেন, এ সংক্রান্ত তথ্য চাওয়ার পরও তা গোপন রাখা হচ্ছে এবং বিষয়টি তদন্তের প্রয়োজন রয়েছে।

‎আবেদনে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ইউএনওর বদলির আদেশ হয়েছে এবং তিনি আগামী ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে পারেন। তাই দায়িত্ব হস্তান্তরের আগে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনকৃত তথ্য সরবরাহ নিশ্চিত করা এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে নিরপেক্ষ বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

তবে এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাইমিন আল জিহানকে ফোন দেওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।