শ্রোতাদের চাহিদার কথা ভেবে আবারও একসঙ্গে হাজির হলেন জনপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা ও গায়ক-সুরকার মোহাম্মদ মিলন। এক বছরের পরিকল্পনার ফসল হিসেবে সম্প্রতি প্রকাশ পেয়েছে তাদের নতুন ডুয়েট গান ‘নজর যেন না লাগে’। গানটি প্রকাশ হয়েছে নাটাই মিউজিক থেকে। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন- বললেন পূজা।
বর্তমানে এই নতুন গান প্রকাশের পাশাপাশি একাধিক একক প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজা। শিল্পী কাজী শুভর সঙ্গে দুটি গান, ‘নাকফুলের কাব্য’ সিনেমার টাইটেল ট্র্যাক এবং বেশ কয়েকটি একক নাটকের গান এখন তার মুক্তির অপেক্ষায় রয়েছে।
পূজা জানান, ‘নজর যেন না লাগে’ গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। মিলনের সঙ্গে গাওয়া প্রতিটি গানই দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। যৌথ কাজের পেছনের রসায়ন নিয়ে পূজা বলেন, ‘মিলনের গায়কি এবং সুর দুটোই অসাধারণ। শুধু গান গাওয়া নয়, মিউজিক ভিডিওতে তার পারফরম্যান্সও এখন নজরকাড়া। আমাদের যুগলবন্দি শ্রোতারা ভালোবাসেন বলেই একসঙ্গে কাজ হচ্ছে।’
‘তুমি ছাড়া’, ‘যত দেখি তোমাকে’ কিংবা ‘চুপি চুপি ডাকি তোমায়’- এই জুটির আগের গানগুলোর মতো নতুন গানটিও শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। শিগগিরই পূজার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে তাদের আরও একটি নতুন দ্বৈত গান প্রকাশ হতে যাচ্ছে।