ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের স্রোতে নিখোঁজ হওয়ার তিনদিন পর ভাটি থেকে কৃষক সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার গফরগাঁও ব্রিজ সংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সাইফুল ইসলাম (৫৫) ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে, পেশায় কৃষক।
স্থানীয়রা জানায়, ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য পানিতে নামেন সাইফুল। মুহূর্তের মধ্যে তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়। এরপর চোখের পলকেই নদীর পানিতে তলিয়ে যান তিনি। ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর সন্ধ্যা নেমে এলে অভিযান স্থগিত করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আবার তল্লাশি শুরু করে ব্যর্থ হন ডুবুরি দল এবং সরকারি তল্লাশি সমাপ্তি ঘোষণা করা হয়। তবে স্বজনরা শুক্রবার সকালেই স্থানীয় একটি ট্রলার নিয়ে ব্রহ্মপুত্রে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গফরগাঁও ব্রিজ সংলগ্ন হোসেনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, আমার দুই দিন সর্বোচ্চ চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে গিয়েছিল। অভিযান সমাপ্ত ঘোষণা করে আমরা আত্মীয় স্বজনদের ট্রলার নিয়ে নদীতে টহল দিতে পরামর্শ দিয়েছিলাম।