ঢাবিতে মাসব্যাপী লেখালেখি ও নাট্য কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং 'বাংলাদেশ সাহিত্যকেন্দ্র' ও 'নটনাট্য'-এর ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী 'লেখালেখি ও নাট্য কর্মশালা'-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করে অংশগ্রহণ করেন।

তরুণ শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার পাশাপাশি সৃজনশীল লেখালেখি ও নাট্যশৈলীতে দক্ষ করে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষক, নাট্যকর্মী ও সংস্কৃতিজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে ডাকসু ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালার আয়োজন করছে। এবারও প্রায় ৬০০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন, যা শিক্ষার্থীদের আগ্রহের প্রতিফলন। তিনি জানান, কর্মশালায় প্রতি সপ্তাহে দুটি অনলাইন ও একটি সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে এবং এক মাসব্যাপী এই প্রশিক্ষণ চলবে।

মুসাদ্দিক আলী আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মানসম্মত লেখা নির্বাচন করে ডাকসুর উদ্যোগে একটি স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষার্থীদের সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি আফসার নিজাম, নাট্যকার ও নির্মাতা হুসনে মোবারক, চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা এইচ এম তানভীর হাসান, কবি তাসনিম মাহমুদ, কবি ফরিদ সাঈদ এবং আবৃত্তিকার তারিক হাসিব দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা সৃজনশীল চিন্তা, গল্প ও নাট্যরচনা, আবৃত্তি এবং মঞ্চ পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত সাহিত্য ও নাট্যচর্চার আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সৃজনশীল লেখার মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত রচনা নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও লেখালেখি ও নাট্যচর্চা নিয়ে নিজেদের প্রত্যাশা ও অভিজ্ঞতা তুলে ধরেন।