ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে

ঢাকার বাতাসে ক্রমেই বায়ুদূষণের মাত্রা কমছে। বর্ষা মৌসুমে শহরের বায়ুদূষণ কমে পরিবেশ স্বাস্থ্যকর হয়ে উঠে। ছুটির দিন শুক্রবার (৭ আগস্ট) ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি বা ভালো’।

বিকেল ৪টা ৪৯ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক বা একিউআই স্কোর ৭১। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোরকে ‘মাঝারি বা ভালো’ হিসেবে গণ্য করা হয়। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ২৯তম স্থানে রয়েছে ঢাকা।

বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান তুলনামূলক ভালো থাকে। তবে অন্য সময় বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকার প্রথম দিকেই থাকে রাজধানী শহরটি।

ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দেশ ভারতের দিল্লি বাতাস আজ ‘ভালো ’,শহরটির একিউআই স্কোর ৯৯ নিয়ে বায়ুদূষণে ১৪তম স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৫৪ একিউআই স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং শহর বায়ুদূষণে শীর্ষ স্থানে অবস্থান করছে। এরপরের স্থানে একিউআই স্কোর ১৪৩ ও ১২৮ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহর।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি বা ভালো’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে  ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।