পতিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার (৭ আগস্ট) রাজবাড়ীর গোয়ালন্দে ক্রীড়াসামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে পঙ্গু করেছে, ন্যুব্জ করেছে। মানুষকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করে পালিয়ে গেছে। আমরা সেই অর্থনীতি পুনর্গঠন করে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।
তিনি বলেন, ধ্বংস হওয়া অর্থনীতি পুনর্গঠনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গোয়ালন্দ উপজেলায় শিল্পকলা একাডেমিসহ কয়েকটি উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা মিলেমিশে উন্নয়ন চাই। কোনো ভেদাভেদ ও গ্রুপিং চাই না।
পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে গোয়ালন্দ উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা উপজেলার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এর আগে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে অর্থ উপদেষ্টা ও সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।