আমের ক্যারেটের ফেয়ারডিল পাচার,আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আম বোঝাই ট্রাক থেকে ফলের ক্যারেটে বিশেষ কাদায় লুকানো ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মমিন নামে এক পাচারকারীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক মো. মমিন (৩০) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।

র‌্যাব-১১ জানায়, কতিপয় মাদক কারবারির একটি ট্রাকে বহন করে মাদকের একটি বড় চালান নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে আসছে এমন খবর পেয়ে ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়ায় একটি চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। সকালে সন্দেহজনক একটি ট্রাককে থামার সিগন্যাল দিলে ট্রাকে থাকা মো. মমিন নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে র‌্যাব সদস্যরা। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতরে থাকা ৩৭৭ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।

এক পর্যায়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকের বড় চালান এনে ঢাকা-নারায়ণগঞ্জের আশেপাশের জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।

আটক আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।