ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিরল আকারের একটি ইলিশ। স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত মাছটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকশি মৎস্যঘাটে নিলামে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির ইলিশটির খবর ছড়িয়ে পড়লে ঘাটে উৎসুক মানুষ ও ব্যবসায়ীদের ভিড় জমে।
মৎস্যঘাট সূত্রে জানা যায়, বকশিঘাটের জেলে নাসির মাঝি ও তার সঙ্গীরা বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় শিবচর সংলগ্ন জলসীমায় মাছ ধরছিলেন। এ সময় জালে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে বিশাল আকৃতির ইলিশটি। পরে শুক্রবার (৭ আগস্ট) সকালে মাছটি সাজ মৎস্য আড়তে নিয়ে আসা হলে নিলামের আয়োজন করা হয়।
ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ জানান, স্থানীয় ব্যাপারী ও পাইকারদের উপস্থিতিতে নিলামে মাছটির দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা আড়তদার মো. আকবর ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন।
আড়তদার মো. আকবর বলেন, বড় আকারের ইলিশের প্রতি ঢাকার পাইকারি বাজারে সব সময়ই বিশেষ চাহিদা থাকে। মাছটি অন্যান্য ইলিশের সঙ্গে ঢাকায় পাঠানো হবে। সেখানে আরও ভালো দামে বিক্রির আশা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ইলিশের সরবরাহ কিছুটা কম হওয়ায় বাজারে দাম তুলনামূলক বেশি। এ কারণে বড় আকৃতির ইলিশের মূল্যও বেড়েছে।
স্থানীয় জেলেদের ভাষ্য, মৌসুমে মাঝেমধ্যে এমন বড় ইলিশ ধরা পড়লেও সংখ্যায় তা খুবই কম। তাই বিশাল আকৃতির এসব ইলিশ স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামেই বেশি পরিচিত।