রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মী গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশন মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের দুলিতে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি যুবদলের কর্মী বলে জানা গেছে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে বলে।

আহত আলমগীরের স্বজনরা জানান, প্রাইভেটকারযোগে চার দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে আলমগীর মাথা ও শরীরে একাধিক গুলিবিদ্ধ হন। পরে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তার ভাই জাহাঙ্গীর জানান, আলমগীর ঢাকার নবাবগঞ্জ এলাকায় বিএনপির যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তিনি পরিবার নিয়ে মিরপুর-১১ নম্বর সেকশন এলাকায় বসবাস করেন। পাশাপাশি মাছ ব্যবসা করেন তিনি। স্বজনদের প্রাথমিক ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে। তবে হামলাকারীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মিরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হয়েছেন।