হেডের মাথায় আবার মুকুট

অস্ট্রেলিয়ার ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি ‘অ্যালান বর্ডার মেডেল’-এর মুকুট ধরে রাখলেন তারকা ব্যাটার ট্রাভিস হেড। ব্রিসবেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সতীর্থদের তীব্র লড়াইয়ে মাত্র এক ভোটের ব্যবধানে সহযোদ্ধা ও বন্ধু অ্যালেক্স ক্যারিকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার এই সম্মানজনক পুরস্কার জয়ের অনন্য নজির গড়লেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে টানা দুইবার এই খেতাব জিতেছিলেন ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন ও রিকি পন্টিং। 

ভোট গ্রহণ শেষ হওয়ার দীর্ঘ আট মাস পর ব্রিসবেন নদীর তীরের এক অনুষ্ঠানে সাবেক অজি অধিনায়ক অ্যালান বর্ডারের হাত থেকেই নিজের দ্বিতীয় মেডেলটি বুঝে নেন হেড। ভোটিং পিরিয়ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মোট ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হেড, আর ঠিক এক ভোট পেছনে ১৫২ ভোট নিয়ে রানার্সআপ হয়েছেন উইকেটকিপার ব্যাটার ক্যারি। তিন নম্বরে থাকা মিচেল স্টার্কের ঝুলিতে রয়েছে ১৫০ ভোট।

টানা দুইবার এই ট্রফি জেতার পর আবেগাপ্লুত হেড বলেন, ‘এবিকে (অ্যালান বোর্ডার) এই কক্ষে পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছি আমি; (গত বছর শ্রীলঙ্কায় হওয়া অনুষ্ঠান থেকে) এটাই পার্থক্য যে, তিনি এটি প্রদান করার জন্য এখানে উপস্থিত।’ 

এদিকে শেন ওয়ার্ন মেনস টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার খেতাব জিতেছেন স্টার্ক। প্রয়াত কিংবদন্তি স্পিনারের বাবা কিথ ওয়ার্নের হাত থেকে পুরস্কার গ্রহণ করা স্টার্কের ক্যারিয়ারে দীর্ঘ ৯ বছর পর এটি দ্বিতীয় টেস্ট বর্ষসেরা খেতাব। এছাড়া ওয়ানডে প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন অধিনায়ক মিচেল মার্শ আর টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ারের পুরস্কার উঠেছে মারকুটে ব্যাটার টিম ডেভিডের হাতে।