সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রতীয়মান হয়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অন্যায় তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট কিছু মহল মনগড়া তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারকারীর বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত থাকা, পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরে অন্যায় তদবির করা এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবি করার তথ্য-প্রমাণ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।