উত্তাপ ছড়াচ্ছেন দেব-শুভশ্রী

লাদাখে চিত্রায়ণ শেষে নিজ শহর কলকাতায় ফিরেছেন জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিমানবন্দরে পৌঁছেই ‘প্রাক্তন’ শুভশ্রীকে দেবের উষ্ণ আলিঙ্গনের দৃশ্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক নজর কেড়েছে।

গত ১ জুন পরিচালক হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেন কলকাতার মেগাস্টার দেব। মান-অভিমান ভুলে দীর্ঘদিনের বিরতি কাটিয়ে শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে ‘দেশু ৭’ চলচ্চিত্রের ঘোষণা দেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও এবার দেবের হাতেখড়ি হচ্ছে। ফলে ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের পারদ এখন তুঙ্গে। এর মধ্যে গত ৪ আগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার প্রকাশের বর্ষপূর্তি উপলক্ষে এই জুটির বিশেষ কিছু মুহূর্ত অন্তর্জালে ভাইরাল হয়ে আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি তারকাদের ভক্তদের পেজ থেকে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, কালো পোশাক আর চোখে রোদচশমা পরে বিমানবন্দরে নেমেই হাসিমুখে শুভানুধ্যায়ীদের অভিবাদন জানান দেব। এর কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন শুভশ্রী। বিমানবন্দরে দেখা হতেই সহশিল্পীকে জড়িয়ে ধরেন দেব। মুহূর্তেই সেই দৃশ্য নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

জানা গেছে, লাদাখে ছবিটির শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন তারা। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু দৃশ্য চিত্রে দেখা গেছে ফুল দিয়ে সাজানো গাড়িতে নতুন রূপে হাজির হয়েছেন শুভশ্রী ও অনির্বাণ ভট্টাচার্য। গাড়ির রাজনৈতিক দলীয় পতাকা এবং পূর্বের পোস্টার বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, প্রেক্ষাপটে রাজনীতির আবহ ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে আসন্ন দুর্গাপূজায় পর্দায় এই জুটি নতুন এক ঝড় তোলার পূর্বাভাস দিচ্ছে।