কঁচা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পিরোজপুর সদর থানায় খবর দেন। পরে পিরোজপুর সদর থানা পুলিশ ও কাউখালী নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় স্কুলশিক্ষক আরিফুল ইসলাম জানান, সকালে তাঁর এক শিক্ষার্থী নদীতে একটি লাশ ভাসতে দেখার কথা জানায়। পরে তিনি ট্রলারঘাটে গিয়ে মরদেহটি উপুড় হয়ে ভাসতে দেখেন। স্থানীয় লোকজন সেটিকে তীরে নিয়ে আসে। প্রথমে মরদেহটি পুরুষ না নারী- তা বোঝা না গেলেও পুলিশ উদ্ধার করার পর এটি একজন পুরুষের মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দামোদর খাল থেকে মরদেহটি ভেসে আসছিল। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তাঁর দাবি, মরদেহটির বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে মনে হয়েছে।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুলারহাট টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হবে। কোথাও কোনো নিখোঁজ ব্যক্তির তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।