নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়সহ পাঁচজন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড় বাজারের উত্তম মজুমদারের প্লাস্টিকের পণ্যের দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে মালনি রোডে ফায়ার সার্ভিস ও মডেল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেয়।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে মজুমদার ইলেকট্রনিকসহ কাপড় ও কুকারির প্রায় ছয়টি দোকান পুড়ে যায়। তবে আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নিয়ন্ত্রণের কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়সহ প্রায় পাঁচজন আহত হন। পরে তারা সদর হাসপাতালে চিকিৎসা নেন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কান্তি সরকার জানান, পাঁচটি ইউনিট ও পুলিশের সদস্যরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা করেছেন। তবে আগুন দেখতে আসা উৎসুক জনতা ভিড় করায় কাজ কিছুটা ব্যাহত হয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন কর্মী ও স্থানীয় দুজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই। স্থানীয় সংসদ সদস্যসহ সবার আন্তরিক সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।