ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের মূল দলে খেলার গুঞ্জন পেরিয়ে শেষ পর্যন্ত নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগের আলো থেকে কিছুটা দূরে, তবে নিজের ক্যারিয়ারের গতি বাড়াতে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন এই ১৯ বছর বয়সী তরুণ।
২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় ধারের চুক্তিতে হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই কাটিয়ে দেবেন তিনি। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ফারহানের এক বছরের জন্য ধারে বোরহাম উডে যাওয়ার খবর নিশ্চিত করেছে ফুলহাম। এদিকে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ফারহানের খেলার বিভিন্ন মহূর্তের কোলাজ ভিডিও পোস্ট করে বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারকে স্বাগত জানিয়েছে বোরহাম।
এদিকে সেই ভিডিও নিজে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ফারহান লিখেছেন, ‘নতুন রঙ, নতুন সূচনা’।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের ফুটবলযাত্রার শুরুটা হয়েছিল বেশ শক্ত ভিতের ওপর। মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে নাম লেখান তিনি। ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পর অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই জালের দেখা পান। এছাড়া গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২ এ দারুণ ছন্দে ছিলেন ফারহান। ২১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। এমনকি গত নভেম্বরে পিএল-টু-এর মাসের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন এই উদীয়মান তারকা।
ফুলহামের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও মূল দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ফারহান। নরউইচ সিটি, আল-আহলি ও ফারেসির বিপক্ষে ম্যাচগুলোতে খেলার সুবাদে প্রিমিয়ার লিগের মূল দলে তার অভিষেকের গুঞ্জন জোরালো হয়েছিল। তবে পেশাদার ফুটবলের মূল ধারায় নিয়মিত খেলার মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের জন্যই বোরহাম উডে ধারে যাওয়ার এই সিদ্ধান্ত নেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক সিনিয়র ফুটবলের স্বাদ পেতে যাচ্ছেন এই উইঙ্গার।
এদিকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দেশের ফুটবলেও ফারহানকে নিয়ে চর্চা কম নয়। লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলার ব্যাপারে নিজের সম্মতি আগেই জানিয়ে রেখেছেন তিনি। তাকে বাংলাদেশের জাতীয় দলে খেলানোর প্রক্রিয়াও বর্তমানে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।