‘আমার ছেলে আমার চেয়েও বড় ফুটবলার হবে’- রোনালদো

পর্তুগাল কিংবদন্তী ক্রিশ্চিয়ানো রোনালদো ভবিষ্যদ্বাণী করেছেন যে, তার ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র ফুটবলে তাকেও ছাড়িয়ে যেতে পারে। তিনি জানান, সমবয়সে তিনি নিজে শারীরিক গঠনের দিক থেকে যেমন ছিলেন, ১৬ বছর বয়সী এই কিশোর ইতিমধ্যেই তার চেয়ে অনেক এগিয়ে রয়েছে।

নেটফ্লিক্স স্পোর্টসের শেয়ার করা একটি ভিডিওতে আল নাসর যুব দলের সঙ্গে তার ছেলের অনুশীলন দেখার সময় রোনালদো এই মন্তব্য করেন।

পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী রোনালদো তার ছেলের বিকাশ সম্পর্কে বলতে গিয়ে জানান, ক্যারিয়ারের এই বয়সে তার নিজের শারীরিক বৃদ্ধি যেমন ছিল, তার ছেলের বৃদ্ধি তা ছাড়িয়ে গেছে, "সে একটা ভালো ছেলে। ঘরে থাকা ছোট বাচ্চাগুলো একটু বেশি চঞ্চল বা সামলানো কঠিন, কিন্তু একে নিয়ে কোনো সমস্যা নেই।"

রোনালদো ও তার ছেলে

তিনি আরও যোগ করেন, "আমি যখন ওর বয়সে ছিলাম, তার তুলনায় সে কিছুটা বড় এবং শক্তিশালী। আমি আরও ছোটখাটো ছিলাম। আমার মনে হয় সে আমার চেয়েও বড় বা শক্তিশালী খেলোয়াড় হবে।"

তবে এই ফুটবল আইকন জোর দিয়ে বলেন যে, কেবল জন্মগত প্রতিভা এবং শারীরিক শক্তিই তার ছেলে ফুটবলের শীর্ষ পর্যায়ে পৌঁছাবে কি না তা নির্ধারণ করবে না। ক্রিশ্চিয়ানো জুনিয়রের মধ্যে নিজের মতো সেই একই ক্ষুধা ও মানসিকতা তৈরি হবে কি না—এমন প্রশ্নে রোনালদো স্বীকার করেন যে, খেলার ক্ষুধা বা উচ্চাকাঙ্ক্ষা গড়ে তোলাই সবচেয়ে কঠিন গুণ।

রোনালদো বলেন, "ফুটবলের প্রতি ক্ষুধা বা তাড়না ধরে রাখাটাই সবচেয়ে কঠিন।"

২০১০ সালের ১৭ জুন জন্মগ্রহণকারী ক্রিশ্চিয়ানো জুনিয়র বর্তমানে আল নাসর যুব দলের হয়ে খেলছে এবং বাবার পথ অনুসরণ করে পেশাদার ফুটবলে পা রাখছে।