জাপানে ভূমিকম্প: নিহত বেড়ে ৩৯

জাপানের কুমামোটো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (৮ আগস্ট) স্থানীয় সরকার নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনিটে জাপানের কিউশু দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

প্রবল এই ভূমিকম্পে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় তীব্র গরমের মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন দুর্গত বাসিন্দারা।

জাপানি সংবাদমাধ্যম ফুজি নিউজ নেটওয়ার্ক জানায়, কুমামোটো প্রফেকচারের উকি শহরের প্রায় ১০ হাজার পরিবার এখনও সুপেয় পানি থেকে বঞ্চিত।

তবে প্রশাসনিক সূত্র জানায়, আজ শনিবার থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিপুল পরিমাণ সুপেয় পানি ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে শুরু করবে।