পিরোজপুরে বিএনপি নেতার সড়ক সংস্কার

পিরোজপুরের মঠবাড়িয়ায় দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা সড়কে দুর্ঘটনা ও জনদুর্ভোগ দেখে নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি নেতা রাজু আহমেদ রাজা।

উপজেলার থানাপাড়া ব্রিজ থেকে টিকিকাটা মাদ্রাসা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ সংস্কার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কোথাও কোথাও গর্ত এতটাই বড় হয়েছে যে, সড়কটি দেখলে পুকুরের মতো মনে হয়। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারী ও যানবাহন চালকদের। বিশেষ করে শিক্ষার্থী, ইজিবাইকচালক, মোটরসাইকেল আরোহী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ছিল বেশি। গর্তে পড়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত বলে জানান স্থানীয়রা।

এদিকে সম্প্রতি সড়কের একটি অংশে একটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনা সামনে থেকে দেখেন টিকিকাটা ইউনিয়ন বিএনপি নেতা রাজু আহমেদ রাজা। এরপরই তিনি সড়কটির দুরবস্থা দূর করতে উদ্যোগী হন। পরে ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, রাজু আহমেদ রাজা বিভিন্ন সময় টিকিকাটা ইউনিয়নে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করেছেন। এই সড়ক দিয়ে সাপলেজা, আমড়াগাছিয়া ও টিকিকাটা মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সড়কটি বেহাল থাকলেও সংস্কার করা হয়নি। মানুষের দুর্ভোগের বিষয়টি তার নজরে আসার পর তিনি নিজ অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কের গর্তের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে সন্তানদের স্কুলে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। সড়কটি সংস্কার হওয়ায় এখন অনেকটাই স্বস্তি ফিরেছে।

ইজি বাইক চালক রাব্বি বলেন, এই সড়কে প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হতো চালকদের। গর্তে পড়ে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও ছিল। অনেক দিন ধরে সড়কটি এমন অবস্থায় থাকলেও কেউ সংস্কারের উদ্যোগ নেননি। 

রাজু আহমেদ রাজা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

পথচারীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।