প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রামে সার্বিক প্রস্তুতি সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার (৯ আগস্ট) একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর নগরে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন তিনি। তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ক সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন পুলিশ।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন উপজেলায় মিছিল শোভাযাত্রা করেছে দলীয় নেতাকর্মীরা।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দলীয় উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। জরুরি ভিত্তিতে মহাসড়ক দুটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করেছে প্রশাসন। সচল করা হয়েছে সড়ক বাতি। রঙ করা হয়েছে নগরের শহীদ ওয়াসিম উড়াল সড়কের দুপাশের রেলিংয়ে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে নগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অনুয়ায়ী আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। তাকে বরণ করার জন্য প্রস্তুত চট্টগ্রামবাসী।

জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন।

এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার রাতে নগরের স্থানীয় একটি হোটেল অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এবিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, রবিবার চট্টগ্রামে  পৌঁছে  হেলিকপ্টারে বাঁশখালী উপজেলার বাহাছড়া ইউনিয়নে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক বলেন, মাদরাসায় আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। মাদরাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রামে প্রথম সাংগঠনিক সভা যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

দলীয় প্রধানের উপস্থিতিতে চট্টগ্রামে প্রথম সাংগঠনিক সভাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। অনেকে এটাকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে দলের ধস নামানো বিজয়ের মূল্যায়ন হিসেবে দেখছেন। বিএনপি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ চট্টগ্রামের কেন্দ্রীয় নেতা ও দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকার কথা জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনিবলেন, ৯ আগস্ট চট্টগ্রাম সফরকালে দলের চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক সভা করবেন। চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পুরো আহ্বাক কমিটি উপস্থিত থাকবেন। উত্তর জেলায় কমিটি না থাকায় সেখানে বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ সভায় অংশ নেবেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রামের তৃণমূলের নেতারা দলীয় প্রধানের সঙ্গে সরাসরি সভা করবেন এ নিয়ে সবার মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। আশা করছি সভা থেকে নিশ্চয়ই  নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আসবে।

এর আগে গত ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।