‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে। ভাবি, সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়ত আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’
একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীত, ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন ও কিছু ভুল নিয়ে্ এভাবেই খোলামেলা কথা বলেছেন চিত্রনায়ক শাকিব খান। এই তারকা বলেন, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না, আর সম্ভাবনাও নেই।’
আলাপচারিতার একপর্যায়ে শাকিবের ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে জানতে চাইলে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটি নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে। এমনকি এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।