প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি-দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটির লেখক রোটারিয়ান এম নাজমুল হাসান।
রিজভী বলেন, বই মানবসভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও গবেষণা বই আকারে প্রকাশিত হওয়ায় পরবর্তী প্রজন্ম সেগুলো পড়েছে, চর্চা করেছে এবং নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে গেছে। তাই বইয়ের বিকল্প নেই।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায় এবং মনের জগতের অন্ধকার দূর করে। জ্ঞান অর্জন ছাড়া ব্যক্তি ও সমাজের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।
সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত বইটিতে তুলে ধরা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথাও এতে রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে দেখতে তিনি দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন। দিন-রাত কাজ করে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছেন।
রিজভীর ভাষ্য, দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী কঠোর পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে যারা ভালো কাজ করছেন, তাঁদের উৎসাহিত করা হচ্ছে। জনগণের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে এভাবে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জনস্বার্থ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে যেসব উদ্যোগ নিয়েছে, বইটিতে সেগুলোর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ তথ্য-উপাত্তসহ তুলে ধরার মাধ্যমে বইটি সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে ভূমিকা রাখবে। এতে সরকারের ভালো কাজ সম্পর্কে মানুষ আরও পরিষ্কার ধারণা পাবে।
আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অন্যরা।