হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া ( ৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র  জানায়, সোহাগ মিয়ার সাথে জমিজমা নিয়ে তার চাচা খলিল মিয়ার বিরোধ চলে আসছে এবং এনিয়ে মামলা মোকাদ্দমা রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সুন্দরপুর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় প্রতিপক্ষের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতারি  কুপিয়ে জখম করে।

 চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার চেষ্টা করে। তবে হাসাপতালে নেয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জমিজমাসহ নানা বিষয় নিয়ে  চাচা ও চাচাতো ভাইদের সোহাগের বিরোধ চলছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনায়টি তদন্ত করছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।