পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত জাকির মৃধা (৪৫) গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃধা বাড়ির মো. ফজলুল করিম মৃধার ছেলে। তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
পরিবার জানায়, নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন জাকির। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী নেওয়া পথে মারা যান।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা জানান, সাপের কামড়ে আহত ব্যক্তির রক্তচাপ ও হার্ট রেট অনেক বেশি ছিল। কার্ডিয়াক জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিভেনম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে অক্সিজেন দিয়ে তাকে পটুয়াখালীতে রেফার করা হয়।
নিহতের বড় ভাই ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল অদুদ মৃধা বলেন, সাপে কাটার পর দ্রুত জাকিরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।